ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশ বদলে দেয়ার ভোট : ডা: শফিকুর রহমান

প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
জামায়াত আমির ডা: শফিকুর রহমান
জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশ বদলে দেয়ার ভোট। এবারের ভোট ২৪-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এই ভোটের সাথে গণভোট ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ পাবো আমরা। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়। এই দেশে কোনো দুর্নীতি হবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলার মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা: শফিকুর রহমান বলেন, ‘সারাবিশ্ব সামনের দিকে এগোচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। আমরা যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রূপান্তিরিত করবো। তাছাড়া প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হলে লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।’

তিনি বলেন, ‘আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ২৪ শের আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেয়ার কোনো সুযোগ ছিল না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আবু সাঈদ থেকে ওসমান হাদি, যাদের রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি।’

ডা: শফিকুর রহমান বলেন, ‘নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ-বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো তার পাশে। সুতরাং আপনারা এখানে দু’জন এমপি পাবেন।’

তিনি বলেন, ‘এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক, শ্রমিক, আবাল, বৃদ্ধ-বনিতা সবাই আইনের চোখে সমান। কিন্তু এদেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।’

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, সিলেট জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর লেবার পার্টির জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম প্রমুখ।