ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম- ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠায় একমাত্র প্রতীক হাতপাখা। হাতপাখা ক্ষমতায় যেতে পারলে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেয়াই হবে প্রকৃত বিজয়।’ এ লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা সৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখার সমর্থনে আয়োজিত নির্বাচনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে একসাথে পথ চলছিলাম এবং সমঝোতায় ছিলাম, একমাত্র ইসলামের স্বার্থে ও দেশের স্বার্থে। কিন্তু ইসলাম ও দেশের স্বার্থ যখন বিলীন হয়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের একা চলতে হচ্ছে।’
চরমোনাই পীর বলেন, ‘ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ বিজয় হলে লক্ষ্মীপুর-৪ আসনের প্রধান সমস্যা নদী ভাঙন রোধে ৩ হাজার ১শ’ কোটি টাকার বরাদ্দ শতভাগ বাস্তবায়ন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সরকারিভাবে উদ্যোগ নিয়ে ভূলুয়া নদী খনন করা হবে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য বিভাগের উন্নয়ন, ভূমি খাতের দুর্নীতি বন্ধ, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষক ও জেলে সম্প্রদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। এছাড়া নোয়াখালীর সোনাপুর থেকে রামগতি-কমলনগর হয়ে লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপন করা ও নদী বন্দর স্থাপনে কার্যকর উদ্যোগ নেয়া হবে। অবহেলিত রামগতি-কমলনগরের নানা সমস্যা দূরীকরণ করে আধুনিক উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেয়া হবে। এছাড়া সাধারণ জনগণের দুঃখ দুর্দশার কথা শুনে তা সমাধানের জন্য মাওলানা খালেদ সাইফুল্লাহ এলাকায় নিয়মিত অফিস করবেন। যাতে জনগন তার নেতাকে সবসময় কাছে পেতে পারেন, সে ব্যবস্থা নেয়া হবে।’
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতী হাবিবুর রহমান মিসবাহ, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাওলানা জহির উদ্দীন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নোমান সিরাজী, এ কে এম আব্দুজ জাহের আরিফী, মুফতী হারুন অর রশিদ, মাওলানা কামাল উদ্দিন তাহেরী ও শরীফুল ইসলাম সহ দলটির সহযোগী সংগঠনের নেতারা।



