চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে পাচারের সময় ১৯টি ভারতীয় গরু ও দু’টি পিকআপসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো: আরিফ (২৭) ও রাসেল ওরফে আলম (৩৫)।
অভিযানে দু’টি পিকআপ ভ্যানে করে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধার গরুর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ১৬ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অভিযানে গরু ও পিকআপ দু’টি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



