মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে দু’টি বসতঘরসহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নতুন শ্রীনগর গ্রামের দুই ভাই মো: গফফার আকন ও মো: খলিল আকনের বসতঘরে আগুনের ঘটনার সময় তারা কাজের জন্য বাহিরে ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা বসতঘরের দোতলায় আগুন দেখতে পান এবং খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো: ইব্রাহিম বলেন, ‘উপজেলার নতুন শ্রীনগর এলাকায় টিনশেড বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ঘরের ভেতরে মালামালসহ প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঘরের ভেতরে দু’টি গ্যাসের সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ক্ষতি বেশি হয়েছে। এছাড়াও মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী গ্রামে একই সাথে পাঁচটি খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে।’



