পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।

এসএম আলাউদ্দিন, পাবনা

Location :

Pabna
প্রতীকী ছবি

পাবনার সুজানগর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোর ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে ঢুকে। এসময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার-চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে এসে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।’