জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বড় পার্থক্য দেখি না : স্পিকার

অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। অনেক দিন পর বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন দেখেছে। আশা করব, আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলোও যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে ভালো লোকেরা নির্বাচিত হয়ে আসবেন। একজন ভালো লোক উপরে থাকলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bhola
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ |ইউএনবি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দলের মধ্যে বড় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে ভোলা সার্কিট হাউস থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ বলেন, জুলাই সনদ দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক দল, যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে, তারা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমি মনে করি, বিএনপিও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। শুধু যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে, সে বিষয়গুলো ছাড়া বাকিগুলো বাস্তবায়ন করবে।

তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে সরকার ও বিরোধী দলের মধ্যে বড় ধরনের তেমন কোনো পার্থক্য দেখি না। সরকার যাতে শান্তিতে থাকতে না পারে, এজন্য সংসদের বাইরে কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে সবাই মিলেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। অনেক দিন পর বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন দেখেছে। আশা করব, আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলোও যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে ভালো লোকেরা নির্বাচিত হয়ে আসবেন। একজন ভালো লোক উপরে থাকলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যায়।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে তিনি লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

সূত্র : ইউএনবি