রাজবাড়ীতে রমজান উপলক্ষে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হঠাৎ করে বেড়ে গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার স্থানীয় বাজার মনিটরিংয়ে গেলে পেঁয়াজের মূল্য ৪৫ টাকা থেকে ৫০ টাকা, রসুন ৮০ টাকা থেকে ১শ’ টাকা, আদা ১২০ টাকা থেকে ১৫০ টাকা, ছোলা ৯০ থেকে ১শ’ টাকা, বেগুন ২০ টাকা থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে ইফতার সামগ্রীর দামও হঠাৎ করেই বেড়ে গেছে। আঙ্গুর প্রতি কেজি সবুজ, কালো আঙ্গুর ৪৫০- ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুইদিন আগেও আঙ্গুর বিক্রি হয়েছে মাত্র ২৮০ টাকায়। বেদানা বিক্রি হচ্ছে ৪৮০ টাকা, ভালো খেজুর ২০০০-২২০০ টাকায় বিক্রি হচ্ছে, বড়ই খেজুর ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল সোমবার রমজানের প্রস্তুতি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন একটি সভার আয়োজন করে।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। নেতৃবৃন্দ দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আজ দুপুরে তার কোনো প্রতিফলন বাজারে লক্ষ করা হচ্ছে না বলে ক্রেতা সাধারণ অভিযোগ করেছেন।
রাজবাড়ী চেম্বার্স অব কমার্স এর সহ-সভাপতি মো: জাকির হোসেন জানান, আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যবসায়ীরা শুনছে না।
আমরা প্রশাসনের কাছে এ ব্যাপারে পদক্ষেপ নিতে যা যা করণীয় সে ব্যাপারে আহ্বান জানাচ্ছি।
রাজবাড়ী বাজারের ফল ব্যবসায়ী আবুল হোসেন জানান, আমরা বেশী দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশী দামে বিক্রি করছি।



