পিরোজপুরের কাউখালীতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর ও নৌ পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন খাল, ডোবা ও নালা এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
জানা গেছে, অভিযানে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান। এ সময় নৌ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানের নির্দেশে জব্দ অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, ‘চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে। দেশীয় মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে এ ধরনের জাল ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ইউএনও মো: আসাদুজ্জামান বলেন, ‘দেশীয় মাছ রক্ষা ও প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করতে দেয়া হবে না। এ বিষয়ে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়েছে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



