গাজীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদরাসাছাত্রী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন (৯) গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের মেয়ে এবং মোহনা বেগম (৯) তাদের প্রতিবেশী রাজমিস্ত্রি মিলন মিয়ার মেয়ে। তারা দু’জনই স্থানীয় আল নূর একাডেমি নামে একটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
এলাকাবাসী জানান, ওই দু’জনসহ তিন শিশু দুপুরে গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। রাবেয়া ও মোহনা পুকুরের পানিতে নামলেও অপর শিশু পুকুর পাড়ে বসেছিল। পুকুরে নামার সাথে সাথেই রাবেয়া ও মোহনা পানিতে তলিয়ে যায়। বেশকিছু সময় তাদের উঠতে না দেখে পাড়ে থাকা শিশুটি ডাক চিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুকুরে তল্লাশি করে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা রানী বলেন, ‘বিকেল সোয়া ৩টার দিকে শিশু দু’টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’



