সাতক্ষীরার কলারোয়ায় মিলন হোসেন (৪৪) নামে এক প্রতারকের কাছ থেকে অর্ধ শতাধিক নারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি উদ্ধার করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেয়ার নামে ৫২ জন নারীর কাছ থেকে এসব জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করা হয়।
শনিবার (২৮ফেব্রুয়ারি) কয়েকজন নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযুক্ত মিলন হোসেনের বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২টি ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফিরিয়ে দেন। এ সময় অভিযোগ দেয়া নারীরা উপস্থিত ছিলেন।
মিলন হোসেন (৪৪) উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় নারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেবেন বলে সম্প্রতি মিলন হোসেন তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা, ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যান।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, একাধিক নারীর কাছ থেকে খবর পেয়ে শনিবার মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ৫২টি ছবিসহ এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেন। এ সময় তিনি স্বীকার করেন, ফ্যামিলি কার্ড দেবে বলে এগুলো নিয়েছেন।
তিনি বলেন, ‘মিলন হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী এবং প্রতারক চরিত্রের। এর আগে মাদকসহ বিভিন্ন মামলার আসামি হিসেবে কারাগারে ছিল।’
হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর আলী বলেন, ‘আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। তবে এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক মিলন হোসেন এর আগেও এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।’



