ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপি'র অস্থায়ী কার্যালয় দলটির সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব শাহ আলম শানুর কিছু বক্তব্য ও কার্যক্রম দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে তার বক্তব্যকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন নেতাকর্মীরা। সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ হলেও এ বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
এছাড়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটনের প্রতি হুমকিমূলক আচরণের অভিযোগ তুলে তা সংগঠনের শৃঙ্খলাবিরোধী বলে উল্লেখ করা হয়।
নেতারা জানান, এ ধরনের কর্মকাণ্ডে দলীয় ঐক্য বিনষ্ট হচ্ছে এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ১১ মার্চে চর বোরহান ইউনিয়নের বিএনপির কর্মীসভা ও ইফতার মাহফিলে এক সভায় আওয়ামী লীগের পোস্টধারী এক নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানে উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয় এবং বিষয়টিকে সংগঠনের নীতিমালার পরিপন্থী বলে অভিহিত করা হয়। এ ধরনের কার্যকলাপে দলীয় আদর্শ ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
বক্তারা বর্তমান আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতার বিরুদ্ধে জাতীয় দলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে দ্রুত একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়-বর্তমান সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের বহিষ্কার প্রত্যাহার এবং দশমিনা উপজেলা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন উপজেলা কমিটি গঠন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



