আলমডাঙ্গায় ২ মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

রোববার (৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Alamdanga
আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দেন
আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দেন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে আটক শাকিল হোসেন (২১) ও বাদল রশিদ (৩৪) নামে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাদেরকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

অভিযান সূত্রে জানা যায়, ডিএনসির পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া ও কালিদাসপুর দক্ষিণপাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর এলাকার মিয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন ও কালিদাসপুর দক্ষিণপাড়ার মরহুম হাবিবুর রহমানের ছেলে বাদল রশিদকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

অভিযানে আটক দুইজনের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।