প্রধান শিক্ষকের ওপর হামলা

নড়িয়ায় ইউনিয়ন যুবদল সভাপতি বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Naria

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বহিষ্কার আদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিভাইড ফেসবুক পেজে আপলোড করা হয়।

এদিকে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অপর দিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মিজানুর রহমান সিকদার দাবি করেছেন, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না। কে বা কারা হামলা করেছে তিনি এ বিষয় জানেন না। রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেশীশক্তি দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে শরীয়তরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে একটি পক্ষের সাথে প্রধান শিক্ষকের বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের কাজ শেষে প্রধান শিক্ষক নুরুল আমীন রতন অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশা থামিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে যুবদলের ক্যাডাররা। এ সময় হামলাকারীদের আঘাতে মাস্টার নুরুল আমীন রতনের ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। এ ঘটনার পর আজ বুধবার কেন্দ্রীয় যুবদল মিজান সিকদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করে।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি মো: ফজলুল ওয়াহেদ খান নিক্সন বলেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।