সৌদি আরবের রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটির প্রফেসর শায়খ অধ্যাপক ড. আদিল আস-সুবাইঈ বলেছেন, ‘মুসলিম মিল্লাতের বর্তমান সঙ্কটময় সময়ে ধৈর্য, মমতা, দক্ষতা ও আল্লাহভীরুতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বুদ্ধিভিত্তিক, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা আজ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত জরুরি।’
পাশাপাশি মুসলিম বিশ্বের সাথে কার্যকর যোগাযোগের জন্য আরবি ভাষায় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর কুদরতউল্লাহ মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত ইসলামী দাওয়াহ ও গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে সিলেটের বিশিষ্ট উলামায়ে কেরামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আদিল আস-সুবাইঈ বলেন, ‘বর্তমান সৌদি সরকার ইসলামের প্রচার-প্রসার এবং আরবি ভাষা শিক্ষার বিস্তারে বিশ্বব্যাপী সহযোগিতা অব্যাহত রেখেছে। এ সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে ইসলামী জ্ঞান ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।’
দাওয়াহ ও গবেষণা কেন্দ্রের পরিচালক এবং কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা শায়খ আব্দুস সোবহান আযহারী, রাজকীয় সৌদি দূতাবাসে (দাঈ) ও কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী, ফুলবাড়ী আজিজিয়া সিদ্দীকীয়া মাদরাসার প্রিন্সিপাল গবেষক মাওলানা জাকির হুসাইন, ঘাসিটুলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, দাওয়াহ ও গবেষণা কেন্দ্রের মুফতি ফখরুল হাসান, প্রিন্সিপাল মাওলানা মখছুছুল করিম চৌধুরী এবং ছাতারখই মাদরাসার প্রিন্সিপাল ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাওলানা মো: আব্দুল্লাহ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল হালিম, হাফেজ মাওলানা হুসাইন আহমদ, হাফেজ মাওলানা আমির উদ্দিন, হাফেজ মাওলানা আরিফ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ, হাফেজ ফয়ছল আহমদ, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান।
সভায় সিলেটের বিভিন্ন মসজিদ ও মাদরাসার আলেম-উলামাগণ অংশ নেন।



