কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৪৭) নামের আপন বড় ভাই নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।
তিনি উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়ার ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম ও তার আপন ছোট ভাই হেলালের (৪৩) মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এসময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নুর ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হেলালকে আটক করা হয়েছে।



