বান্দরবানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban

বান্দরবানের থানচিতে গাড়ির চাকায় পাম্প দেওয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ আব্দুল কাদের (১৩) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বাস স্টেশন সংলগ্ন নুরুল আলমের দোকানে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত আব্দুল কাদের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মরখোনা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যায় নুরুল আলমের গ্যালভানাইজিং দোকানে শিশু শ্রমিক আব্দুল কাদের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার চালু রেখে একটি পর্যটকবাহী জিপ গাড়িতে হাওয়া দিচ্ছিল। এ সময় হঠাৎ ওই কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। দোকানটির দেয়াল এবং একটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত শিশু শ্রমিক আব্দুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।