রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) দাউদপুরের বড় আমদিয়া মৌজায় আলী নেওয়াজের ক্রয়কৃত ১৭ শতাংশ জমি হেলাল নামে এক ব্যক্তির পক্ষ নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি (বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী) সুলতান মাহমুদ তার লোকজন নিয়ে জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেন। এমনকি পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধের কোনো আদেশ আসলেও কাজ চলবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ।

এ সময় জমির মালিক আলী নেওয়াজের লোকজন কাজে বাধা দিলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বন্ধ করে দেয়া হয় বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ।

এ বিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, ‘হেলাল আমার সম্পর্কে চাচা হন। জমিটা তিনি ১০ বছর আগে কিনেছেন। দখল নিতে পারেননি। তিনি আমার কাছে সহায়তা চেয়েছেন। সেজন্য লোকজন নিয়ে উনার জমিটা উনাকে বুঝিয়ে দিয়েছি। কোনো জবরদখল করা হয়নি।’

এ বিষয়ে জমির দাবিদার হেলালের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনার ক্রয়কৃত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে সুলতান মাহমুদের সহায়তা নিয়েছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেছে। কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।