ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীর আকস্মিক ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
রোববার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে নিষিদ্ধ লীগের নেতা-কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে একই দিন সকালে নিষিদ্ধ घोषित যুবলীগ নেতা শেখ মো: মুন্নার নেতৃত্বে কিছুসংখ্যক নেতা-কর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের নিকট গিয়ে মিছিল শেষ করে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। মিছিলের খবর পাওয়ার পর সাথে সাথে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।’



