দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় আতিকা (৩) নামের এক শিশুর নিহত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলগেট পার হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।
শিশু আতিকা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে। মায়ের মৃত্যুর পর আতিকা তার খালু মোবারক হোসেনের কাছে থাকতো।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে তার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখে আতিকা দৌঁড়ে কাছে যেতে চাইলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিস্তেজ হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
নিহত শিশুটির মাত্র তিন মাস আগে ক্যান্সারে মায়ের মৃত্যু হয়। এরপর থেকে সে তার খালু মোবারক পাড়ার মোবারক হোসেনের কাছে বসবাস করছিল।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনাটির পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।



