‘এ বিজয় গণতন্ত্রকামী বিএনপির প্রতিটি কর্মীর’ উল্লেখ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরবাসীকে সাথে নিয়ে বৈষম্যহীন, আধুনিক ও শান্তিময় মির্জাপুর বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। সেই সাথে আবারও মানুষের সেবা করার সুযোগ দেয়ার জন্য তিনি জনগণ ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এ বিজয় আমার একা নয়, এ বিজয় মির্জাপুরের সাধারণ মানুষের এবং গণতন্ত্রকামী বিএনপির প্রতিটি কর্মীর বিজয়।’
তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের ত্যাগী নেতাকর্মী যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটকেন্দ্র পাহারা দিয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে দল-মত নির্বিশেষে মির্জাপুরের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
এ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। সূত্র: বাসস



