বর্তমান সরকার ফ্যাসিবাদযুক্ত বাংলাদেশ গড়তে চায় : আব্দুস সাত্তার এমপি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারো রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
বক্তব্য রাখছেন আব্দুস সাত্তার এমপি
বক্তব্য রাখছেন আব্দুস সাত্তার এমপি |নয়া দিগন্ত

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, ‘বর্তমান সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নয় বরং ফ্যাসিবাদযুক্ত বাংলাদেশ গড়তে চায়। বিএনপি গণ রায়কে ছিনতাই করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আবারো আয়না ঘর ও দমনের রাজনীতি শুরু করেছে। তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে আবারো বিরোধী মতকে দমনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। বিগত ফ্যাসিস্ট আমলে পুলিশ বাহিনীকে যেভাবে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করেছিল, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারও পুলিশ বাহিনীকে নিপীড়নের হাতিয়ার বানিয়েছে।’

শনিবার (২ মে) বিকেলে গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ১১ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্টিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সাত্তার বলেন, ‘বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং সংবিধান সংস্কারসহ দেশ কিভাবে চলবে বাংলাদেশের জনগণ এই লক্ষ্যে ভোট দিয়েই কিন্তু আমাদের সংসদে পাঠিয়েছে। এ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, জনগণ যেমন ভোট দিয়ে ক্ষমতায় বসায় আবার জনগণই পারে ক্ষমতায় থেকে নামাতে।’

তিনি আরো বলেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দু’টি শপথ নিয়ে জুলাই সনদকে সমর্থন করলেও বিএনপির সংদস্যরা একটি শপথ নিয়ে সংবিধানের দোহাই দিয়ে এটিকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না। যারা ৭০ ভাগ মানুষের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারো রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় ডিসি মোড়ে অনুষ্টিত সমাবেশে অন্যদর মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, এনসিপির জেলা সমন্বয়ক ডা: কামরুল ইসলাম দর্পণ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এর আগে নীলফামারী বড় বাজার থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।