জামালপুরে পাচারকালে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১

মধ্যরাতে কয়েকটি যানবাহনে জ্বালানি তেলের ড্রাম পরিবহনের বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা যানবাহনগুলো আটকে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পান।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানে পাচার করা হচ্ছে তেল
পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানে পাচার করা হচ্ছে তেল |নয়া দিগন্ত

জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় তিন হাজার লিটার জ্বালানিসহ (পেট্রোল) ১১ জনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— সদর উপজেলার তেলিপাড়া এলাকার মরহুম আলতাফুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), দেউলিয়াবাড়ি এলাকার আব্দুস ছালামের ছেলে হাফিজুর রহমান (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল বেপারির ছেলে ফুল মিয়া (৩৮), মাদারগঞ্জ উপজেলার চানপুর এলাকার খোরশেদের ছেলে মো: শাহ জামাল (৫০), মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে মো: মারুফ হোসেন (২৪), সরিষাবাড়ি উপজেলার চর জামিরা এলাকার মরহুম সোরহাব মন্ডলের ছেলে মো: জুগলু মিয়া (৪৪), একই এলাকার শাবান মুন্সীর ছেলে মো: জহুরুল ইসলাম (৪৫), সরিষাবাড়ি উপজেলার সেঙ্গুয়া এলাকার গোলাজার হোসেনের ছেলে মো: সবুজ মিয়া (৪০) প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে কয়েকটি যানবাহনে জ্বালানি তেলের ড্রাম পরিবহনের বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা যানবাহনগুলো আটকে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পান। পরে চালকসহ ১১ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা।

এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি অটোরিকশায় থাকা ১৫টি ড্রাম আটক করে। এতে তিন হাজার লিটার জ্বালানি তেল (পেট্রোল) জব্দ করা হয়।