গাজীপুরে সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Location :

Gazipur

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় হেলাল উদ্দিন পালোয়ান নামে কৃষক দলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হেলাল । এ সময় বাড়ির অদূরে লিচু বাগানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ পুলিশ কর্মকর্তা জানান, নিহতের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।