সিলেট ব্যুরো ও কানাইঘাট সংবাদদাতা
সিলেট জেলার কানাইঘাট উপজেলায় স্বামীর বাড়ি ও বাবার বাড়ি ছেড়ে মামার বাড়ি গিয়েও নিজেকে বাঁচাতে পারলেন না তিন সন্তানের জননী ফারহানা বেগম (৩২)। সেখান থেকে জোরপূর্বক তুলে এনে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী সোহেল আহমদ।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা ফারহানা বেগমের সাথে কয়েক বছর আগে বড়বন্দ ১ম খণ্ড গ্রামের সোহেল আহমদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। স্বামীর বিরুদ্ধে ফারহানার উপর বার বার নির্যাতনের অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে কয়েক দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে তিনি নিরাপদ ভেবে দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে তার মামার বাড়িতে চলে যান। সোমবার রাতে স্বামী সোহেল আহমদ ও তার এক আত্মীয় জোরপূর্বক সিএনজি অটোরিকশায় করে তাকে সেখান থেকে নিজ বাড়িতে তুলে নিয়ে আসেন।
পরে গভীর রাতে ফারহানাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান সোহেল আহমদ।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



