কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সহস্রাধিক মানুষ পেলেন চিকিৎসাসেবা

যেসব রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে এবং মাঠপর্যায়ে চিকিৎসা দেয়া সম্ভব নয়, তাদের পরে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়া হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা |নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রোববার (১২ জুলাই) সেনাবাহিনীর সদর দফতরের লজিস্টিকস এরিয়ার আয়োজনে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর স্টেশন সদর দফতরের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।

চিকিৎসা ক্যাম্পে গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

আয়োজকরা জানান, যেসব রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে এবং মাঠপর্যায়ে চিকিৎসা দেয়া সম্ভব নয়, তাদের পরে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়া হবে।

সকাল থেকেই মেডিক্যাল অফিসারদের তত্ত্বাবধানে রোগীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর রোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। পুরুষ ও নারীদের জন্য পৃথক সারিতে চিকিৎসা ও ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়। পুরো কার্যক্রম সেনাসদস্যদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

এর আগে, শনিবার (১১ জুলাই) এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি জানানো হয়। বেলা বাড়ার সাথে সাথে চিকিৎসাপ্রার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ঢাকা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় রাজেন্দ্রপুর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জিওসি অপেক্ষমাণ রোগী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং ধৈর্য ধরে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান। তিনি জটিল রোগীদের প্রয়োজন হলে রাজেন্দ্রপুর সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে চিকিৎসা নিতে আসা শিশুদের হাতে বিস্কুট ও চকলেট তুলে দেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দেশের মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকারের অংশ। কাপাসিয়ায় ৫-১৪ জুলাই পর্যন্ত চলমান ১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।