৪ দিনেও উদ্ধার হয়নি শিশু নুসাইবা, মুক্তিপণ দাবি

এবার নিখোঁজ আরেক কিশোর, আতঙ্ক ছড়িয়ে পড়েছে উখিয়ায়

কক্সবাজারের উখিয়ায় তিন বছর বয়সী শিশু নুসাইবা নিখোঁজ হওয়ার চার দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
৪ দিনেও উদ্ধার হয়নি শিশু নুসাইবা, মুক্তিপণ দাবি
৪ দিনেও উদ্ধার হয়নি শিশু নুসাইবা, মুক্তিপণ দাবি |নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় তিন বছর বয়সী শিশু নুসাইবা নিখোঁজ হওয়ার চার দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৯ জুন) শিশু নুসাইবা নিখোঁজ হয়।

এদিকে অপহরণকারীরা পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে ঘিরে মায়ের বুকফাটা কান্না ও পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই উখিয়ার আরেক এলাকা থেকে ১৫ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান সওদাগরের তিন বছর বয়সী কন্যা নুসাইবা গত ১৯ জুন শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে।

পরিবারের দাবি, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

শিশুটির পরিবার উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে যোগাযোগ করে শিশুটিকে ফিরিয়ে দেয়ার শর্তে মুক্তিপণের টাকা দাবি করছে। তবে নিরাপত্তার স্বার্থে দাবিকৃত টাকার পরিমাণ প্রকাশ করা হয়নি।

নিখোঁজ নুসাইবার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েকে জীবিত ফিরে পেতে চাই। চার দিন ধরে ঘুমাতে পারছি না। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে আমার সন্তান হয়তো কাঁদছে, আমাকে খুঁজছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়মতো উদ্ধার অভিযান ফলপ্রসূ না হওয়ায় অপরাধীরা আরো সাহসী হয়ে উঠছে। এরই মধ্যে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ঘাটিরপাড়া এলাকার ১৫ বছর বয়সী কিশোর হৃদয় হাসানও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার পরিবারও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন এলাকায় শিশু ও কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে নিখোঁজদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

উখিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ শিশু ও কিশোরের বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা বলছেন, একটি শিশু চার দিন ধরে নিখোঁজ থাকা এবং মুক্তিপণ দাবির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একই সময়ে আরেক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো উখিয়া অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা দ্রুত উদ্ধার অভিযান জোরদার, অপরাধীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।