রাঙ্গামাটি ২৯৯ আসনে ২১৩টি কেন্দ্রে ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
রাঙ্গামাটি শহর এলাকা ছাড়াও ১০ উপজেলার প্রত্যেক ইউনিয়নে পাহাড়ি ভোটারের উপস্থিতি ছিল বেশি। পাহাড়ি নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। আবার কিছু কেন্দ্রে দুপুরের পর ফাঁকা অবস্থা দেখা গেলেও বিক্ষিপ্তভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এই আসনের ২১৩টি কেন্দ্রের কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোট কেন্দ্রের নির্বাচন কর্মকর্তারা জানান, ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাঙ্গামাটি ২৯৯ সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাতজন। এর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: জসিম উদ্দিন (হাতপাখা), জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা)।
রাঙ্গামাটি সংসদীয় আসন দু’টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৪১০ জন ও নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। প্রার্থীরাও ভোট কেন্দ্র পরিদশর্ন করে সন্তোষ প্রকাশ করেন।



