সুনামগঞ্জের তাহিরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় তিনটি পরিবারের বসতঘর, গবাদিপশু, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলোর দাবি, এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো: জাবেদ আলী, আলম মিয়া ও সজিব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, তিন পরিবার চারটি ঘরে বসবাস করতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনটি পরিবারের সব সদস্যরা জীবন বাঁচাতে কোনো রকমে বের হওয়ায় বেঁচে গেলেও ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এলাকাবাসী মিলে আগুন নেভাতে পারলেও বাড়িটির ভেতরে থাকা নগদ টাকা, তিনটি গবাদি পশুসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করার প্রশাসনকে আহ্বান জানানো হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাবেদ আলী, আলম মিয়া ও সজিব মিয়া জানান, হঠাৎ করেই আগুন লেগে যায়। কোনো রকমে সবার জীবন রক্ষা পেলেও আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গবাদি পশু, হাঁস-মুরগি, মজুদ করা ধান-চাল এবং ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
এতে আনুমানিক ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, ‘তিনটি কৃষকের পরিবার মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবো। এই বিপদে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।’
তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম জানিয়েছেন, এই বিষয়ে খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



