জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ফজল মিয়া ও রিপনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ মে) দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে দলের আমির ডা: শফিকুর রহমানের পক্ষে উপজেলা সহকারী সেক্রেটারি মোকাদ্দেছ আলী এ সহায়তা হস্তান্তর করেন।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারীপাড়া গ্রামের শহীদ ফজল মিয়া ও বকশীগঞ্জ পৌর এলাকার রিপন মিয়ার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবুল কালাম আজাদ, উপজেলা বাইতুলমালের সেক্রেটারি আবদুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি রাসেল মাহমুদ, সেক্রেটারি সাইদুর রহমানসহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি রাসেল মাহমুদ বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাদের এ অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।
তিনি বলেন, ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকবে জামায়াত।



