সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় নয়জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৬২ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |ফাইল ছবি

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু লাবিবা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় নয়জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৬২ জন।

শুক্রবার (২৬ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ৭৯ জন শিশু। নিহত ৭৯ জনের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

মারা যাওয়া শিশুদের মধ্যে সর্বোচ্চ ৩৩ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৯ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ জন ও হবিগঞ্জের ছয়জন রয়েছে।

এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৬৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১১৬ জন, হবিগঞ্জের ৩২ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৬২ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ জন ভর্তি রয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে সাতজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে দু’জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সিলেট লায়ন্স হাসপাতালে ছয়জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছে।