চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাতুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া গুরুতর আহত গৃহবধূ রোজিনা খাতুনকে (১৮) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার বালিরহুদা ষষ্ঠীতলা গ্রামে গৃহবধূ রোজিনা খাতুনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ রোজিনা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের বালিরহুদা ষষ্ঠীতলা গ্রামের প্রান্তিক কৃষক নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী রাতুল হোসেন পার্শ্ববর্তী দর্শনা থানাধীন গড়াইটুপি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, রোজিনা খাতুনের সাথে রাতুল হোসেনের গত দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রোজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী রাতুল। নির্যাতনের কারণে প্রায় দুই মাস আগে রোজিনা বাবার বাড়িতে চলে আসেন।
শনিবার রাত ৮টার দিকে রাতুল হোসেন শ্বশুরবাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সদস্যরা তাকে আপ্যায়ন করে রাতে বাড়িতেই থাকার ব্যবস্থা করেন। তারা স্বামী-স্ত্রী একই ঘরে থাকা অবস্থায় রাত ২টার দিকে রাতুল ধারালো অস্ত্র দিয়ে রোজিনার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
হঠাৎ রোজিনার চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন ছুটে এসে রাতুলকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতুলকে নিজেদের হেফাজতে নেয়। আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোজিনার বাবা নজরুর ইসলাম বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর নির্যাতন চলছিল। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: হাসিব জানান, রোববার (২৮ জুন) ভোর ৫টার দিকে আহত রোজিনাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর আঘাতের প্রকৃত মাত্রা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।
রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস শুকুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিক সময়ে ঘটনাটি পরিবারের সদস্যরা টের পাওয়ার কারণে গৃহবধূ রোজিনা ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত রাতুলকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গৃহবধু রোজিনার সাথে ঘটনার বিষয়ে কথা বলা হয়েছে।



