প্রধানমন্ত্রীকে ‘কটূক্তির’ প্রতিবাদে কর্ণেল অলির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বেলা সাড়ে ৩টা থেকে চন্দনাইশ উপজেলা দোহাজারী ও চন্দনাইশ পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
কর্ণেল অলির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
কর্ণেল অলির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ |নয়া দিগন্ত

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে বক্তব্য ও ইতিহাস বিকৃত করার প্রতিবাদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকা থেকে প্রথম দফা বিক্ষোভ শেষে একটি মিছিল নিয়ে খানহাট বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে হাজী এনু মিয়ার কমপ্লেক্সের সামনে পুনরায় বিক্ষোভ সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

এর আগে বেলা সাড়ে ৩টা থেকে চন্দনাইশ উপজেলা দোহাজারী ও চন্দনাইশ পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। মিছিলে বেশকিছু নেতাকর্মীকে হাতে ঝাড়ুও প্রদর্শন করতে দেখা গেছে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাহামুদুর রহমান মাদু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা মোর্শেদুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মো: মাহফুজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলি বিভিন্ন সময় বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে নানা বক্তব্য রাখেন এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেশ ও দেশের মানুষের সাথে বেঈমানী করেন।’

তার এ বক্তব্যের কারণে চন্দনাইশ বিএনপি পরিবারের নেতাকর্মীরা একত্রে মিলিত হয়ে এর প্রতিবাদ জানান। পাশাপাশি চন্দনাইশের সর্বস্তরের জনসাধারণ ও বিএনপি পরিবার তাকে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করেন।