সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ জনপদ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা না হলে আমাদের এই যৌথ প্রচেষ্টা ও অব্যাহত পদক্ষেপগুলো ব্যর্থ হয়ে যাবে।’
রোববার (৯ আগস্ট) দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নাগরিক জীবনের নিরাপত্তা জোরদারকরণ এবং সার্বিক জনকল্যাণমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত বিনিময় হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘একটি নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ দিনাজপুর গড়ার লক্ষ্যে আমাদের এই যৌথ প্রচেষ্টা ও পদক্ষেপ সব সময় অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘মাদক এখন বিশ্বব্যাপী মরণব্যাধিতে পরিণত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের কঠিন আইন রয়েছে। আমাদের মন-মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। তা না হলে দেশ এগিয়ে যাবে না।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৫ আসনের এমপি এ জেড এম রেজওয়ানুল হক, জেলা পুলিশ সুপার (এসপি) মো: জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।



