জামালপুরের মেলান্দহে নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মেঘারবাড়ী এলাকার মরহুম বেলাল শেখের ছেলে মো: দুলাল শেখ (৩৭), একই এলাকার মরহুম জমশেদ আলীর ছেলে মো: সুজন শেখ (৪৫), আব্দুল কুদ্দুসের ছেলে মো: রাশেদ (৪০) ও পশ্চিম শ্যামপুর এলাকার চাঁন মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫)।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি নকল স্বর্ণের বার ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নিত। এক নারী ভুক্তভোগীর নিকট হতে কৌশলে স্বর্ণের কানের দুল নিয়ে নেয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের নিকট থেকে একটি নকল স্বর্ণের বার, চার আনা ওজনের স্বর্ণের কানের দুল ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে অভিযান পরিচালনা করছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।



