নোয়াখালীতে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

মাওলানা বোরহান উদ্দিন দাবি করেন, ছয়ানি ইউনিয়নের সংঘর্ষটি সম্পূর্ণভাবে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এবং এর সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।

Location :

Noakhali

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানান জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন।

বিবৃতিতে তিনি বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে গত ২৭ এপ্রিল বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে।

তিনি অভিযোগ করেন, কিছু অসাধু মহল ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনকারী গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মাওলানা বোরহান উদ্দিন দাবি করেন, ছয়ানি ইউনিয়নের সংঘর্ষটি সম্পূর্ণভাবে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এবং এর সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরো বলেন, এর আগেও একই ধরনের দলীয় কোন্দল বিভিন্ন ঘটনায় প্রকাশ পেয়েছে, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে।

রাজনীতিতে শিষ্টাচার ও সত্যনিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দায় অন্যের ওপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি সংশ্লিষ্ট পক্ষ ও গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলায় বিশ্বাস করে না এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে জামায়াতের নাম জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা জানায়।