নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে সড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, সাধারণ মানুষ ও চালকরা।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান। সড়কের কালাদী এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ছয় হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলে-মেয়ে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। সবাইকে অনেকটা ঝুঁকি নিয়ে এই সড়ক পারাপার হতে হয়।
তারা আরো জানান, গত ৭ আগস্ট এলাকাবাসী কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সড়ক ও জনপদ অধিদফতরে আবেদন করেন। এমনকি একাধিকবার মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মাণ করে ফেলছে। এজন্য আজ কালাদীসহ আশপাশের কয়েক গ্রামের কয়েক শ’ নারী-পুরুষ আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়কে মানববন্ধন করছে।
একপর্যায়ে তারা সড়কের উভয় দিকে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপদ অধিদফতর, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগামী বুধবার (১৯ আগস্ট) সড়কে আন্ডারপাস করে দেয়ার সিদ্ধান্ত দিবে এমন আশ্বাস দিলে সড়ক থেকে লোকজন সরে দাঁড়ায়। তবে আগামী বুধবার পর্যন্ত সড়ক সংস্কারের সমস্ত কাজ বন্ধ থাকবে।



