ময়মনসিংহের গফরগাঁওয়ে উথুরী গ্রামে একটি পরিত্যক্ত রাইস মিলে খাদ্য অধিদফতরের ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী কাজীর মোড় এলাকা থেকে চাল জব্দ ও এক জনকে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ।
এ ঘটনায় গফরগাঁও থানার এস আই নূরুল হক বাদী হয়ে রোববার রাতেই পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পরে থানা পুলিশ আরও তিন জনকে গ্রেফতার করেছে। অন্য আসামি পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নজরুল মোড়ল, সোহেল মিয়া, পলাশ ও সোহেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উথুরী গ্রামের নজরুল মোড়ল ও সোহেল মিয়া সরকারি চাল ক্রয় করে বাড়িতে পরিত্যক্ত রাইস মিলে মজুদ করে রাখে।
এ খবর পেয়ে রোববার বিকেলে গফরগাঁও থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায় এবং ৩০ কেজি ওজনের ৫৩ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদফতরের নাম লিখা রয়েছে। পরে পুলিশ চালের বস্তা জব্দ করে থানায় নিয়ে আসে। অভিযানের সময় এক জনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, প্রতি মাসে এলাকায় কার্ডধারী উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি চাল বিনামূল্যে বিতরণ করা হয়। উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্যে চাল নিয়ে অন্যত্র বিক্রি করে দিলে এতে আমাদের করার কিছু থাকে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোরাদ বলেন, বর্তমানে জব্দকৃত চালগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মামলায় অভিযুক্ত এজাহার নামীয় পাঁচ জনের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য জনকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।



