ঠাকুরগাঁওয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

দীর্ঘ ৩০ বছর ধরে সারাদেশের মাঠ পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়নে পাঁচ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। সরকার বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট
এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট |নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শহরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান চাকরি স্থায়ীকরণ বা দৈনিক হাজিরায় অন্তর্ভুক্ত করার দাবিতে ওই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সারাদেশের মাঠ পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়নে পাঁচ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। সরকার বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ১ জুলাই থেকে এক দফা দাবিতে সারাদেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এক দফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান ইসলাম প্রমুখ।