ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী যাত্রী ও যানবাহনের দুর্ভোগ বেড়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে আছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে তীব্র ঝড়ো বাতাস ও প্রতিকূল পরিস্থিতির কারণে বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আবহাওয়া ও নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।



