আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাট শহরের মুনস্টার হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনসমক্ষে এই ইশতেহার তুলে ধরেন তিনি।
ইশতেহারে দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক ও আধুনিক সদর উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করেন অ্যাডভোকেট আবু তাহের। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে একাধিক বাস্তবধর্মী প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
শিক্ষা খাতে শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করা, প্রতিটি ইউনিয়নে প্রয়োজনীয় ডিজিটাল সুবিধাসহ স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষার বিস্তার এবং মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল গঠনের প্রতিশ্রুতি দেয়া হয়।
কৃষিখাতে ধান, ভুট্টা ও আলুসহ সব ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ চালু, কৃষি উপকরণ সহজলভ্য করা, স্বল্পসুদে ঋণ সুবিধা এবং আধুনিক ও ডিজিটাল কৃষি ব্যবস্থার উদ্যোগ নেয়ার কথা বলা হয়।
স্বাস্থ্যখাতে সরকারি হাসপাতাল আধুনিকায়ন, কমিউনিটি ক্লিনিক কার্যকর করা, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু এবং প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক সংস্কার, নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। একইসাথে কর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং নারীদের আত্মকর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে আমি লালমনিরহাট সদর উপজেলাকে পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরে কাজ করব।



