আটক যুবকের মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, ৫ পুলিশ আহত

আহত রিয়াজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার মাথায় আঘাত রয়েছে, তবে বড় ধরনের কোনো জখম নেই।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
আগৈলঝাড়া থানা
আগৈলঝাড়া থানা |নয়া দিগন্ত

বরিশালের আগৈলঝাড়ায় চুরির সন্দেহে আটক এক যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করেছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে আগৈলঝাড়া থানায় এ ঘটনা ঘটে।

তবে যার মৃত্যুর গুজব ছড়ানো হয়, তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘দুই থেকে তিন শতাধিক নারী-পুরুষ থানায় হামলা চালান। হামলার সময় থানায় ভাঙচুর করা হয় এবং পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।’

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান শান্ত জানান, আহত রিয়াজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার মাথায় আঘাত রয়েছে, তবে বড় ধরনের কোনো জখম নেই।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।