বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘ভয়াবহ এই বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করছি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে। সে কারণেই সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার কাজ করবে।’
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হলেও এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পিএমখালী চান্দের পড়া এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন প্রতিমন্ত্রী।



