টঙ্গীতে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ বসতঘর

গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে; প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৫টি বসতঘর
টঙ্গীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৫টি বসতঘর |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়ায় ভয়াবহ আগুনে প্রায় ২৫টি টিনশেড বসতঘর পুড়ে গেছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাসিন্দারা মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে অনেক কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ২৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।