পাম্পে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যাকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব। এর আগে দুপুরে যশোরের বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার সুজাত মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবন্ধ রয়েছে।
এদিকে, নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার সব তেল পাম্প একদিনের (রোববার) জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু।
তিনি বলেন, ‘তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এর আগে, শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। নিহত নাহিদ সরদার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে।
এ সময় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জিহাদ মোল্যাকেও (২৭) ট্রাকচাপা দিয়ে ডান পা ভেঙে দেয়া হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচার চলছে। আহত জিহাদ মোল্যা চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
তেলপাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাম্প থেকে ট্রাক চালিয়ে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত সুজাত মোল্যা।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, সুজাত মোল্যাকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির বলেন, খবর পেয়ে সরেজমিন গিয়েছি। পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।



