পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার যান পারাপার, টোল ৪ কোটি ছুঁইছুঁই

‘টানা ছুটি ও ভোট দেয়ার জন্য মঙ্গলবার ঘরমুখো মানুষের বাড়তি যানবাহনের চাপ দেখা দেয়।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)
মঙ্গলবার রাতে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার দৃশ্য
মঙ্গলবার রাতে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার দৃশ্য |ছবি : নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা দিয়ে মঙ্গলবার স্বাভাবিক সময়ের তুলনায় দক্ষিণবঙ্গগামী যানবাহন অনেক বেশি পারাপার হয়েছে। বিশেষ করে ভোট দেয়ার আগ্রহ-উৎসাহ নিয়ে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে এ দিন বাড়ি অভিমুখে ছোটেন বলে চলাচলকারী যাত্রীরা জানিয়েছেন।

এতে করে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট ৩৫ হাজার ৭ শত ৩৬টি যানবাহন পারাপার করা হয়েছে।

এ সময়ের মধ্যে শুধুমাত্র মাওয়া প্রান্ত দিয়ে সেতু পারাপার হয়েছে ২৪ হাজার ৫ শত ৩৪টি যানবাহন। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১১ হাজার ২ শত ২টি যানবাহন। একইসাথে ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৩০০ টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়। তিনি জানান, টানা ছুটি ও ভোট দেয়ার জন্য মঙ্গলবার ঘরমুখো মানুষের বাড়তি যানবাহনের চাপ দেখা দেয়।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক মঙ্গলবার রাতে নয়া দিগন্তকে জানান, এ দিন দুপুরের পর থেকে অন্যান্য দিনের চেয়ে সড়কে যানবাহন চলাচল অনেক বাড়লেও এক্সপ্রেসওয়েতে কোনো যানজট নেই। টানা ছুটি ও ভোট দেয়ার জন্য নিজ এলাকায় ফিরছেন ঘরমুখো যাত্রীরা।