দোয়ারাবাজারে সুনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাজিতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২৯ মার্চ সুনা মিয়ার ওপর হামলা করেন হোসেন মিয়া ও তার পক্ষের লোকজন। তাদের হামলায় সুনা মিয়া ও তার ছেলে গুরুতর আহত হয়েছিলেন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়া
হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়া |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধ সুনা মিয়াকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত হোসেন মিয়া দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আরিফ উল্লাহর ছেলে। হোসেন মিয়া একই থানায় দায়েরকৃত আরো একটি হত্যা মামলার আসামি। এছাড়া নিহত বৃদ্ধ সুনা মিয়াও একই গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, বাজিতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২৯ মার্চ সুনা মিয়ার ওপর হামলা করেন হোসেন মিয়া ও তার পক্ষের লোকজন। তাদের হামলায় সুনা মিয়া ও তার ছেলে গুরুতর আহত হয়েছিলেন। পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনা মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে ২ এপ্রিল নিহতের ছেলে দোয়ারাবাজার থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং হোসেন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামি হোসেন মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৯।