দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশইন, চোরাচালান, মাদক,অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সজাগ ও সতর্ক রয়েছে ।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পুশইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে সভা এবং মাইকিং করা হচ্ছে।
সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিজিবি-এর অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) প্রতিটি বিওপি হতে বর্তমানে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষায় চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) সদস্যগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশরোধে সর্বোচ্চ সতর্কতা জারি এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান এবং নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।



