পাবনার সুজানগর উপজেলায় পুলিশ সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সুজানগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা সবাই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। সে সময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিনে বেড়িয়ে এসে সুজানগর এলাকায় আবারো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা।



