ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যসচিবকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।
এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।



