মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
মোহনগঞ্জ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ফাইজা আক্তার নামে এক শিশু ভর্তি হয়েছে।
রোববার রাতে জ্বর, সর্দি ও শরীরে লালচে র্যাশ নিয়ে হাসপাতালে এলে তাকে হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনায় ভর্তি করেন কর্মরত চিকিৎসক।
ফাইজা আক্তার উপজেলার নাগডড়া গ্রামের আমির আলীর মেয়ে।
এ ছাড়াও আরো ৯ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এলে তাদের সীরাম সংগ্রহ করে ঢাকা মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে বোঝা যাবে তারা হামে আক্রান্ত হয়েছে কি না। তাদেরকে আপাতত জ্বর ও সর্দিজনিত চিকিৎসা দেয়া হচ্ছে।
হাম প্রাদুর্ভাব রোধে মোহনগঞ্জ হাসপাতালে এক জরুরি সভা করেছেন ইউ এইচ অ্যান্ড এফপিও ডা: মো: মোমেনূল ইসলাম। এতে উপস্থিত ছিলেন আরএমও ডা: পার্থ প্রতীম সেন, ডা: মো: রমিজুল করিম, ডা: অলক কান্তি তালুকদার, ডা: জান্নাতুন নেছা চাঁদনিসহ কর্মকর্তারা।
ডা: মোমেনূল ইসলাম জানান, হাম রোগের লক্ষ্মণ নিয়ে অনেক শিশু আসছে। সিম্পল সংগ্রহ করার জন্য পর্যাপ্ত কীট প্রয়োজন। সীমিত কিছু কীট রয়েছে, যদি এ রোগের লক্ষণ নিয়ে বেশি রোগী আসে তাহলে কীট সঙ্কট দেখা দেবে।
তিনি আরো জানান, হাম আক্রান্ত রোগীর হাঁচি থেকে রোগ ছড়ায়, তাই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।



